দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। মাঠের লড়াইয়ে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে সাবেক ক্লাব সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু কিলিয়ান এমবাপ্পে এবং আশরাফ হাকিমির দ্বৈরথ। তবে এই ম্যাচে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, মরক্কোর ছয় ফুটবলার খেলতে যাচ্ছেন নিজেদের জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে।
মরক্কো দলে থাকা রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ ও আইয়ুব বুয়াদ্দি এই ছয়জনেরই জন্ম ফ্রান্সে। তাঁদের পরিবারের শিকড় মরক্কোয় হওয়ায় জন্মসূত্রে ফ্রান্স এবং বংশসূত্রে মরক্কো দুই দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল।
মরক্কোর জন্য এমন পরিস্থিতি অবশ্য নতুন নয়। টুর্নামেন্টের শেষ ষোলোতে নেদারল্যান্ডসের বিপক্ষেও দেশটিতে জন্ম নেওয়া তিন ফুটবলারকে নিয়ে খেলেছিল আফ্রিকার দলটি। ফ্রান্সের বিপক্ষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়ে।
এই ছয়জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। চলতি বছরের শুরুতেও তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের সদস্য ছিলেন এবং একাধিক ম্যাচে অধিনায়কত্বও করেন। তবে বিশ্বকাপের আগে জাতীয় দল হিসেবে মরক্কোকেই বেছে নেন তিনি।
দ্বৈত নাগরিকত্ব পাওয়া প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার কৌশল কয়েক বছর ধরেই অনুসরণ করছে মরক্কো। এর আগে ফ্রান্সে জন্ম নেওয়া সোফিয়ান বৌফাল, রোমাঁ সাইস, মারুয়ান শামাখ, মেহদি বেনাতিয়া ও মুস্তাফা হাজ্জির মতো ফুটবলাররাও মরক্কোর জার্সিতে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন।
এদিকে, মাঠের লড়াইয়ে এমবাপ্পে ও হাকিমির বন্ধুত্বও থাকছে আলোচনায়। ক্লাব ফুটবলে দীর্ঘদিন একসঙ্গে খেললেও বিশ্বকাপের নকআউট পর্বে এবারই প্রথম একে অপরের প্রতিপক্ষ হিসেবে নামছেন দুই তারকা।
জে আই